২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইট নিয়ে মন্ত্রণালয়-বিমান বিরোধ

হজযাত্রী পরিবহনে ২৬ বছরেরও বেশি পুরনো নাইজেরীয় উড়োজাহাজ ভাড়া করা নিয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং জাতীয় পতাকাবাহী বিমানের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রী পরিবহনে ২৬ বছরেরও বেশি পুরনো নাইজেরীয় উড়োজাহাজ ভাড়া করা নিয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং জাতীয় পতাকাবাহী বিমানের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। নয়টি এয়ারলাইন্স যাত্রীপ্রতি ১২ শ' মার্কিন ডলারে ৩০ হাজার হজযাত্রী পরিবহনে রাজী হয়েছে। সরকার নির্ধারিত হজযাত্রী প্রতি ভাড়া ১৩৫০ মার্কিন ডলার। বাকি হজযাত্রীদের পরিবহন করবে বিমান ও সৌদি এয়ারলাইন্স। এয়ারলাইন্সগুলো হলো- গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, পিআইএ, ইতিহাদ এয়ারওয়েজ, বাহরাইন এয়ার, এয়ার অ্যারাবিয়া, জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ ও জেট এয়ারওয়েজ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের শুক্রবার জানান, মন্ত্রণালয়ে পাঠানো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত ১৩৫০ ডলারে হজযাত্রী পরিবহন করলে সরকারের যাত্রীপ্রতি ৪ দশমিক ২৪ ডলার ভর্তুকি বিমানকে দিতে হবে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্য এয়ারলাইন্সগুলো ১২ শ' ডলারে হজযাত্রী পরিবহন এবং বিমানকে ১৫০ ডলার করে দেওয়ার আশ্বাস দিয়েছে। "অর্থাৎ, বিমান কোনো ফ্লাইট অপারেট না করেই ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার পাবে।" এর আগে মঙ্গলবার এক বৈঠকে বেসরকারি বিমান সংস্থাগুলো ১২ শ' ডলারে হজযাত্রী পরিবহনের প্রস্তাব দেয় বলে মন্ত্রী জানান। বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের শর্ত অনুযায়ী, ২০ বছরের বেশি পুরনো কোনো উড়োজাহাজ বাংলাদেশ থেকে অপারেট করার নিবন্ধন পাবে না। অবশ্য জরুরি পরিস্থিতিতে মন্ত্রণালয় অনুমতি দিতে পারে। মন্ত্রণালয় জানায়, বিমান কর্মকর্তারা মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করছে, ২৬ বছরের পুরনো নাইজেরীয় উড়োজাহাজ অপারেট না করলে তারা মুনাফা করতে পারবে না। জিএম কাদের এ সম্পর্কে বলেন, "আমি বিমানকে স্পষ্ট বলে দিয়েছি যে, বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের শর্ত মেনে নিবন্ধন না করলে আমার মন্ত্রণালয় কোনো অপারেটরকে বাংলাদেশ থেকে ফ্লাই করার অনুমতি দেবে না।" ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি সরকার এ বছর ৭৫ হাজার হজযাত্রীকে হজের অনুমতি দিতে রাজী হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএম/ডিডি/এইচএ/২২৪৩ ঘ.