গোপালগঞ্জ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও মন্ত্রী পরিষদের সদস্যরা শনিবার টুঙ্গিপাড়ায় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
দুপুর ১২ টায় পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন তারঅ। এরপর সংসদ সদস্য ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা পুষ্পস্তবক অর্পণ করবেন।
বাদ জোহর সমাধিসৌধ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেবেন তারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি দল টুঙ্গিপাড়ায় অবস্থান করে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।
শোক দিবসের কর্মসূচি
শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবসে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। টুঙ্গিপাড়ায় উড়ছে কালো পতাকা। পথে পথে কালো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে তোরণ।
রোববার সকাল ১০টায় টুঙ্গিপাড়া পৌঁছে বাবা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহাপাঠ, বিশেষ মোনাজাত করে তার প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবি, পেশাজীবি সংগঠন ও সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।
প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে গোটা জেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে।
র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে।
সকালে উপজেলা প্রশাসন, উদীচী গোপালগঞ্জ জেলা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোকর্যালি বের করবে। ৭৫-এর ১৫ অগাস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় জেলার ৬৮টি ইউনিয়ন, ৪টি পৌরসভা ও ৫টি উপজেলায় মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা , মিলাদ ও দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের চিত্রাংকন, হামদ্ নাতসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মসজিদ, মন্দির ও গির্জায় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.
bdnews24