সুনামগঞ্জ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের জগন্নাথপুরে দু'পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে চারজন।
আহতদের মধ্যে আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামলা নিয়ে বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন- নুরুল হক (৩৭), মাহিন মিয়া (৩১), দুদু মিয়া (৬৫) ও আব্দুল বাছির (৬০)।
জগন্নাথপুর থানার ওসি সালেহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতাউকা গ্রামের আইয়ুব উল্লাহ ও শাইস্তা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে মামলা পাল্টা মামলা চলছে।
এর জের ধরে শুক্রবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় আইয়ুব উল্লাহ ও শাইস্তা মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।
আবার সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24