ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফতারির অন্যান্য উপকরণের মতো কলার দামও এবার চড়া। পাশাপাশি মাছের দামও চড়া থাকায় অনেক ক্রেতা মাছ না কিনে বাজার থেকে ফিরছেন।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজরে গিয়ে দেখা যায়, প্রতি ডজন কলার দাম গত বছরের তুলনায় ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশ মাছের দাম বেড়েছে কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা ।
মোহাম্মদপুর টাউন হল মার্কেটের খুচরা বিক্রেতা মো. রফিকুল ইসলাম বলেন, "প্রতি ডজন সাগর কলা ৯০ থেকে ১৫০ টাকা, চাম্পা ৩০ থেকে ৫০ টাকা, শবরি ৭৫ থেকে ৮০ টাকা এবং বাংলা ৬০ থেকে ৮০ টাকা বিক্রি করছেন।"
তিনি জানান, গত বছরের তুলনায় এবার সব ধরনের কলার দাম ডজন প্রতি ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে।
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী শেখ আব্দুল করিম বলেন, "প্রতি হালি সাগর কলা ২০ থেকে ২২ টাকা, চাম্পা সাড়ে ৭ থেকে ৮ টাকা, শবরি ১৫ থেকে ১৭ টাকা এবং বাংলা ১০ থেকে ১২ টাকা বিক্রি করছেন।"
তিনি জানান, এবার চাহিদার তুলনায় কলার সরবরাহ কম। তাই গত বছরের চেয়ে দাম হালি প্রতি ৪ থেকে ৫ টাকা করে বেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারওয়ান বাজারের আরেক কলা ব্যবসায়ী বলেন, "সরবরাহ কম এ কথা সত্য। তবে এ সুযোগে বেশি লাভের আশায় অনেক ব্যবসায়ী দাম বাড়িয়ে দিচ্ছে। সরকারের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা এ সুযোগ নিচ্ছে।"
কারওয়ান বাজারের এক ক্রেতা আব্দুল মান্নান ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফতারির সময় কলাটা প্রতি বছর থাকে। দাম চড়া থাকায় এবার এ আইটেম বাদ দেব বলে ভেবেছিলাম। তবুও এক ডজন শবরি কলা কিনলাম ৭৫ টাকা দিয়ে।"
মাছের বাজারের চড়া দাম নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক ক্রেতা।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, "ইলিশ মাছ কেনার ইচ্ছা ছিল। দাম চড়া থাকায় ইলিশ না কিনে ২০০ টাকা দরে দুই কেজি রুই মাছ কিনলাম।"
কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী সোলায়মান মিয়া বলেন, "গত বছরের তুলনায় এ সময়ে প্রতি কেজি ইলিশের দাম ২৫০ থেকে ৩০০ টাকা বেশি।"
প্রতি কেজি ইলিশ ৫৫০ থেকে ৬০০ টাকা বিক্রি করছেন তিনি।
এছাড়া রুই, কইসহ অন্যান্য মাছের দামও গত বছরের চেয়ে বেশি বলে ব্যবসায়ীরা জানান।
এ ব্যাপারে কারওয়ান বাজার মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইলিশের সরবরাহ কম। এ কারণে দাম চড়া। ব্যবসায়ীরা কারসাজি করে কোনো মাছের দাম বাড়ায়নি এবার।"
তবে রোজায় চাহিদা বেড়ে যাওয়ায় ইলিশসহ অন্যান্য মাছের দাম বেড়েছে বলে স্বীকার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমইউএস/ডিডি/১৮৩৬ ঘ.
bdnews24