মুন্সীগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইভটিজিংয়ের শিকার হয়ে স্কুলছাত্রী হাসনা রহমান সিনথিয়ার আত্মহত্যার ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিক্ষোভ ও ভাংচুর করেছে তার সহপাঠীরা।
বৃহস্পতিবার সিনথিয়ার চাচা শেখ রুস্তম আলী বাদি হয়ে শ্রীনগর থানায় একটি মামলা করেছেন।
মামলায় বখাটে জাহাঙ্গীর, তার বাবা জামাল হোসেন ও ভাই জাকির হোসেনকে আসামি করা হয়েছে।
জাহাঙ্গীরকে লোকজন আটক করে পুলিশে সোপর্দ করলেও বাকিরা পলাতক বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন।
বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে শ্রীনগরের বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী
সিনথিয়া বুধবার আত্মহত্যা করে।
এ ঘটনায় তার সহপাঠীরা বৃহস্পতিবার বাড়ৈখালী বাজারে ভাংচুর চালায়। তারা বখাটে জাহাঙ্গীরের ফাঁসি দাবি করে স্লোগান দেয়।
শিক্ষার্থীরা তিনটি দোকান, একটি বাস ও একটি অটোরিকশা ভাংচুর করে। এ সময় বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন জানান, বুধবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর উত্ত্যক্ত করে সিনথিয়াকে। প্রায় এক বছর ধরেই সে উৎপাত করে আসছিলো।
ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সালিশ বৈঠক হয়। বৈঠকে পুলিশও উপস্থিত ছিলো। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবি জানান।
কিন্তু জাহাঙ্গীরের বাবা জামাল হোসেনসহ কয়েক ব্যক্তি তাকে শেষবার শোধরানোর সুযোগ দিতে অনুরোধ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী জানান, ইভটিজার জাহাঙ্গীরকে আটক করার জন্যই পুলিশকে খবর দেওয়া হয়। বিষয়টি শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছিলো।
তিনি মনে করেন, পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করলে এ সর্বনাশ হতো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২০ ঘ.
bdnews24