২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ অগাস্ট জন্মদিন পালন করবেন না: খালেদাকে হানিফ

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ অগাস্ট জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 05:06 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ অগাস্ট জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। খালেদা জিয়ার উদ্দেশে হানিফ বলেন, "এবার থেকে আপনি ১৫ অগাস্ট আপনার পরিকল্পিত জন্মদিন পালন থেকে বিরত থাকবেন- এটা আমাদের আহ্বান।" ১৫ অগাস্টকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে বুধবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার ঠেকাতে 'ষড়যন্ত্র' প্রতিহত করতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান দলের যুগ্ম-সাধারণ সম্পাদক । হানিফ বলেন, "যাদের বিচারের সম্মুখীন করা হয়েছে, তাদের বিদেশী প্রভু আছে। বাইরে থেকে অনেক চাপ আছে। অনেক ষড়যন্ত্র হচ্ছে।" স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৫৪ ঘ.