ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের নাবিস্কো এলাকার ফোকাস গার্মেন্টস এর আগুন বেলা পৌনে ৩টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ আগুন লাগে।
আগুন নেভাতে যেয়ে তিনজন পোশক শ্রমিক আহত হয়েছে বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক শামীম আহমেদ জানিয়েছেন।
দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর চারটি ইউনিটের ১৪টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর শেখ মো. শাহজালাল জানিয়েছেন, তেজগাঁও শিল্পাঞ্চলের রহিম মেটাল মসজিদের পাশে ২৫/বি পাঁচতলা ভবনের পাঁচ তলায় দুপুর সোয়া ১টার দিকে এ আগুনের সূত্রপাত। পৌঁনে ৩টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি; চেষ্টা চলছে।
এ পোশাক কারখানার মালিক বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মনে হচ্ছে, সাধারণ আগুন। নাশকতা নয়।"
আগুন লাগার পরপরই সব শ্রমিক ভবনটি থেকে বেরিয়ে আসে বলে জানান কারখানার নিটিং অপারেটর ফরিদ মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এজে/কেএমএস/১৫০৯ ঘ.
bdnews24