২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যা, আত্মহত্যার চেষ্টা: সাজা ৩৩ বছর

স্ত্রীকে হত্যা এবং আত্মহত্যার চেষ্টার দায়ে একজনের ৩৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

নাটোর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে হত্যা এবং আত্মহত্যার চেষ্টার দায়ে একজনের ৩৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এরমধ্যে হত্যার দায়ে ৩২ বছর (যাবজ্জীবন) এবং আত্মহত্যার চেষ্টার অপরাধে এক বছর সশ্রম কারাদণ্ড হয়। এছাড়া হত্যার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর এবং আত্মহত্যা চেষ্টার দায়ে এক হাজার টাকা অনাদায়ে দুইমাস কারাভোগ করতে হবে। রোববার নাটোরের জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ এ রায় দেন। দণ্ডিত আবুল হোসেন মোল্লা জেলার লালপুর উপজেলার কাশেমপুর গ্রামের খাদেম আলীর ছেলে। মামলার নথি থেকে জানা যায়, আবুল হোসেন মোল্লা ২০০৪ সালের ১ এপ্রিল রাতে তার স্ত্রী ছায়েদা খাতুনকে কুপিয়ে হত্যা করেন। একই সময় তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। ওই ঘটনায় স্ত্রীর বাবা আব্দুর রহমান লালপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। রায় ঘোষণার সময় আবুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০২ ঘ.