২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের রিট খারিজ, ফালুর জামিন

কোনো মামলায় বিএনপি'র সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনকে রিমান্ডে না নেওয়ার নির্দেশ চেয়ে তার স্ত্রী নাজমুন নাহার বেবীর দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 05:32 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো মামলায় বিএনপি'র সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনকে রিমান্ডে না নেওয়ার নির্দেশ চেয়ে তার স্ত্রী নাজমুন নাহার বেবীর দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ মিলনের স্ত্রীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। গত ২৫ জুলাই রিট আবেদনটি দায়ের করা হয়। তার পক্ষে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। গত ১৪ মার্চ চাঁদপুরের মূখ্য বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে মিলনকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১১ জুলাই মিলনকে রিমান্ডে না নেওয়ার জন্য তার স্ত্রী আরেকটি রিট আবেদন দায়ের করেন। হাইকোর্টের একই বেঞ্চ ওই রিট আবেদনটিও উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। এই রিট আবেদনটির ওপর শুনানি করেন অ্যাডভোকেট এস এম মুনির। সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তাকে শুনানিতে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর। এদিকে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ একটি দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে ছয় মাসের অন্তবর্তী জামিন দিয়েছে। ত্রানের টিন আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় তার আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেয়। ২০০৭ সালের ১৩ মার্চ দুদক ফালুর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে। ফালুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/২০১৫ ঘ.