নওগাঁ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর রানীনগর উপজেলায় এক ধান ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার হরিশপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে এবাদুর রহমান (৪৫) নামের এই ব্যবসায়ীকে হত্যা করা হয়।
বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত এবাদুর রহমান হরিশপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৯টায় গ্রামের একটি চায়ের দোকানে চা পান করে এবাদুর বাড়ির পথে রওনা দেন। বুধবার সকালে বাড়ির অদূরে একটি কলাবাগানের ভেতর তার লাশ পাওয়া যায়।
রানীনগর থানার ওসি শাহরিয়ার খান সাংবাদিকদের জানান, এবাদুরের গলায়, শরীরের বিভিন্ন স্থানে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। রানীনগর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৭ ঘ.
bdnews24