ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আবাসিক এলাকায় শব্দ দূষণের দায়ে একটি কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের ইতিহাসে এই প্রথম কোনো শিল্পকারখানাকে শব্দদূষণের দায়ে দণ্ডিত করে ক্ষতিপূরণ আদায় ও সিলগালা করা হল।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
মঙ্গলবার শ্যামলীর রিংরোড আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তর এক আকস্মিক অভিযান চালায়।
পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযানে ওই এলাকায় একটি আবাসিক ভবনের নিচ তলায় জুট মিলের শিল্প যন্ত্রাংশ প্রস্তুতকারী একটি কারখানার সন্ধান পাওয়া যায়।
'মেসার্স জুট স্পেয়ার্স কমপ্লেক্স' নামের এই কারখানাটি ১৯৯৮ সাল থেকে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই চালু রয়েছে। কারখানাটিতে লোহা কাটার কাজে ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন ও মোল্ডিং মেশিনের ভারি শব্দে শ্যামলী রিংরোড আবাসিক এলাকার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
কারখানাটির দোতলায় আবাসিক ভবন এবং চারপাশে বহুতল আবাসিক ভবন রয়েছে।
এনফোর্সমেন্ট টীমের তাৎক্ষণিক পরীক্ষায় এ কারখানায় শব্দের মাত্রা পাওয়া যায় ৮৭ ডেসিবল, যা সহনীয় মাত্রার চেয়ে ৩৭ ভাগ বেশি।
দিনের বেলায় আবাসিক এলাকায় শব্দের সহনীয় মানমাত্রা ৫০ ডেসিবল।
এছাড়া, কারখানাটিতে যন্ত্রাংশ তৈরিতে অগ্নি প্রজ্জ্বলন কাজ করা হলেও এতে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না।
শব্দদূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে কারখানার মালিককে তাৎক্ষণিকভাবে দণ্ডিত করে ক্ষতিপূরণ হিসেবে ৪০ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া, কারখানার উৎপাদন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে কারখানাটি সিলগালা করে সমস্ত মেশিনপত্র ও যন্ত্রপাতি জব্দ করা হয়।
কারখানার মালিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কারখানা স্থানান্তরের লিখিত অঙ্গীকার করেছেন। পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এ কারখানা কমলা-ক শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান।
এছাড়া একই এলাকায় প্রিজম ফ্যাশন, প্যাসিফিক ফ্যাশন লি. এবং মায়া এন্টারপ্রাইজ নামক তিনটি এমব্রয়ডারি কারখানা সরেজমিনে পরিদর্শন করে শব্দদূষণ পরিমাপ করা হয়।
অভিযানকারী দলের পরিমাপে এ তিনটি কারখানায় শব্দের গড় মানমাত্রা পাওয়া যায় ৭০ ডেসিবল, যা আবাসিক এলাকায় সহনীয় মানমাত্রার চেয়ে ২০ ভাগ বেশি।
এ তিনটি কারখানাকে অবিলম্বে শব্দদূষণ নিয়ন্ত্রণ করে সহনীয় মাত্রায় নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/০১১৬ ঘ.
bdnews24