২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার কুলখানি অনুষ্ঠিত

বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার কুলখানি মঙ্গলবার বিকালে গুলশানের এপার্টমেন্টে অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ এতে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 02:20 PM

Updated : 25 Aug 2022, 05:28 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার কুলখানি মঙ্গলবার বিকালে গুলশানের এপার্টমেন্টে অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ এতে যোগ দেন। কুলখানিতে মান্নান ভূঁইয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অন্যান্যের মধ্যে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিকুল হক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, সিপিবি'র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, হায়দার আকবর খান রনো, জাতীয় পার্র্টির সভাপতি মণ্ডলীর সদস্য মোস্তফা জামাল হায়দার, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির সভাপতি ফেরদৌস আহমেদ কোরের্শি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান, মুয়ীদ চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সা'দত হুসেইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, সাবেক হুইপ আশরাফ হোসেন, সাবেক সাংসদ নুর মোহাম্মদ খান, রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান জেড এ খান,সাবেক কুটনীতিক এ এইচ এম মোফাজ্জ্বল করীম, সাংসদ, শিক্ষক, সাবেক সচিব, ব্যবসায়ী প্রতিনিধিসহ প্রয়াত এই রাজনীতিবিদের আত্মীয়-স্বজন এবং নিজ এলাকা নরসিংদীর কর্মী-সমর্থকরা কুলখানিতে উপস্থিত ছিলেন। মান্নান ভূঁইয়ার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীরা প্রয়াত তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। ্ আবদুল মান্নান ভূঁইয়া ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই রাতে মারা যান। পরদিন নরসিংদীর শিবপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.