২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ৫০

নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে রোববারও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 08:15 AM

Updated : 25 Aug 2022, 05:21 PM

নারায়ণগঞ্জ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে রোববারও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বহিরাগত লোকজনের দফায় দফায় সংঘর্ষে ৩ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। সোনারগাঁওয়ের কাঁচপুরে সিনহা ও ওপেক্স পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি তিন হাজার টাকা মেনে নিয়ে তা ১ আগস্ট থেকে কার্যকর করার দাবিতে বিক্ষোভ করে। এ সময় আরো কয়েকটি কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক কারখানায় উৎপাদন বন্ধ থাকে। কাঁচপুরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা ঘোষণা ও তা ১ আগস্ট থেকে কার্যকর এবং গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষের মুক্তির দাবিতে ফতুল্লা শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা রোববার সকালে বিক্ষোভ শুরু করে বলে পুলিশ জানিয়েছে। এসময় শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানার উৎপাদন বন্ধ ছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি র‌্যাবের টহলও দেখা গেছে। বিক্ষোভের চিত্র ধারণ করতে গেলে বেসরকারি দেশ টিভির ক্যামেরাম্যান রুবেল ও আরটিভির স্থানীয় ক্যামেরাম্যান আজমীর হামলার শিকার হন। হামলাকারীরা তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে মিলে তাদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে হামলাকারীরা নিজেদেরকে এলাকাবাসী দাবি করে বলেছে, শনিবার শ্রমিকেরা তাদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। তাই শ্রমিকদের হামলা প্রতিরোধ করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লা শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকার পলমল, মাইক্রোফাইবার, লিবার্টি, মেট্রো, ক্যাডটেক্্র গামেন্টসের প্রায় ১০ হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। তারা কারখানার ভেতর বিক্ষোভের এক পর্যায়ে বের হয়ে আসার চেষ্টা করে। কারখানার সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন থাকায় শ্রমিকেরা কয়েকবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। দুপুর সাড়ে ১২টায় ফত্ল্লুার রামারবাগ এলাকায় অবস্থিত রপ্তানিমুখী মেট্রো নিটওয়্যার গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক পুলিশের বাধা উপক্ষো করে বিক্ষোভ করতে করতে কারখানার থেকে বেরিয়ে এসে ভাংচুরের চেষ্টা চালায়। এসময় বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে বিক্ষুদ্ধ শ্রমিকদের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে লাঠিসোটা নিয়ে যোগ দেয় এলাকার কিছু লোকজন। এক পর্যায়ে শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেট মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। তবে এদের নাম জানা যায়নি। বিক্ষোভ ও সংঘর্ষের চিত্র ধারণ করতে গেলে দেশ টিভির ক্যামেরাম্যান রুবেল ও আরটিভির স্থানীয় ক্যামেরাম্যান আজমীর হামলার শিকার হন। পোশাক কারখানার মালিকপক্ষের লোকজন তাদের ক্যামেরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ফতুল্লার মডেল থানার এলাকার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) রিয়াজুল ইসলাম ও ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর হস্তক্ষেপে ক্যামেরা উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। শনিবারও ফতুল্লায় পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার এবং মন্টু ঘোষের মুক্তির দাবিতে বিক্ষোভ করে। আগেরদিন রাতে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা সভাপতি মন্টু ঘোষকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করা। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা। আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার ঘোষণা রয়েছে। সরকার ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে পরদিন রাজধানীর মহাখালী এলাকায় বিক্ষোভ ও ভাংচুর চালায় পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সাভারের আশুলিয়াসহ আরো কয়েকটি স্থানে শ্রমিকরা বিক্ষোভ করে। আশুলিয়ায় পুলিশের সঙ্গে তাদের সঙ্গে দুই শতাধিক আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.