ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদকে কার্যকর করার দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কর্মসূচির কথা জানান সংগঠনের সভাপতি ও পটুয়াখালীর দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব জেলা-উপজেলায় গনসংযোগ, ৩ অক্টোবর সব উপজেলায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলম বিরতি।
এরপরও দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান হারুন।
তিনি বলেন, "উপজেলা পরিষদ নির্বাচনের পর ১৮ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অকার্যকর একটি প্রতিষ্ঠান হিসেবে রয়ে গেছে এ পরিষদ।"
তিনি জানান, গত ১২ এপ্রিল চেয়ারম্যানদের জন্য দিক নির্দেশনামূলক এক কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পরিষদকে কার্যকর করার জন্য এই কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩৮ দফা দাবি তুলে ধরা হয়।
এসব দাবি অবিলম্বে বাস্তবায়নে পদক্ষেপ নিতে সরকারের কাছে আহ্বান জানান হারুন অর রশীদ।
দাবিসমূহের মধ্যে রয়েছে-পরিষদের উপদেষ্টা সংসদ সদস্য সম্পর্কিত আইনের ধারা বাদ, সব তহবিলের চেকে চেয়ারম্যান এবং ইউএনও এর যৌথ স্বাক্ষর, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের সব পত্রের কপি সরাসরি পরিষদের চেয়ারম্যানকে পাঠানো, চেয়ারম্যানের অনুমতি ছাড়া ইউএনও কোন সভা আহ্বান করতে পারবে না ইত্যাদি।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "আইন অনুযায়ী তারা (কর্মকর্তারা) পরিষদের সচিব। কিন্তু তারা পরিষদের কোন নোটিশ বা কার্যবিবরণীতে 'সচিব' শব্দটি ব্যবহার করে না। সংসদে পাশকৃত আইনকে তারা না মেনে সংসদকে অবমাননা করছে।"
তিনি বলেন, "কর্মশালায় পেশ করা দাবিসমূহ আগামী ৩১ আগস্টের মধ্যে বাস্তবায়ন না করা হলে আন্দোলন কর্মসূচি পালন করা হবে।"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, চট্টগ্রামের রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৮২৫ ঘ.
bdnews24