ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের বস্তিবাসীদের গ্রামে ফিরিয়ে নিতে 'ঘরে ফেরা কর্মসূচি' পুনরায় চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরের ১৪টি বস্তির ২৫০টি পরিবারকে গ্রামে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
পাশাপাশি তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সুদমুক্ত ঋণ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
'ঘরে ফেরা কর্মসূচি-২০১০' শীর্ষক প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
চলতি অর্থবছরে ঘরে ফেরা কর্মসূচির এই প্রকল্পে ১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে জানিয়ে আবুল মাল আব্দুল মুহিত বলেন, "দারিদ্রমুক্ত দেশ গঠনের লক্ষ্যে এ কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে পাঁচ কোটি টাকা কৃষি ব্যাংককে দেওয়া হয়েছে।"
দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে 'ঘরে ফেরা কর্মসূচি'র পাশাপাশি অন্যান্য কর্মসূচি যেমন-'একটি বাড়ি একটি খামার', 'গৃহায়ণ তহবিল' কর্মসূচির প্রতি জোর দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
সহজ শর্তে গ্রাহকদের ঋণ ও ব্যাংকিং সেবা দেওয়ার জন্য কৃষি ব্যাংককে গ্রাহকদের আরো কাছাকাছি যাওয়ার কথা বলেন আব্দুল মুহিত।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, "দেশ থেকে দারিদ্র নিরসনের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণ এবং গ্রামীণ অ-কৃষি কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।"
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ জানান, চলমান এ কর্মসূচির পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে 'বস্তি থেকে স্বস্তি' নামে আরেকটি কর্মসূচি চালু করা হবে।"
গ্রামাঞ্চলে মানুষের কাজ করার সুযোগ কম এ মন্তব্য করে তিনি বলেন, "পরিকল্পনাধীন নতুন কর্মসূচির আওতায় ঋণ গ্রহণকারী ব্যক্তিদের জেলা এবং উপজেলা সদরে পুনর্বাসন করা হবে। যাতে তারা কাজের সুযোগ বেশি করে পায়।"
কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোখতার হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন সময়ে ঢাকা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষদের নিজ গ্রামে ফিরিয়ে নিতে পুনরায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ১৯৯৮-৯৯ অর্থবছরে কৃষি ব্যাংক ছিন্নমূল মানুষদের নিজ এলাকায় ফিরিয়ে নিতে প্রথমবারের মতো এ কর্মসূচি শুরু করে। কিন্তু ২০০২ সালে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কর্মসূচিটি স্থগিত করা হয়।
মোখতার হোসেন জানান, ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথমবারের ওই কর্মসূচির আওতায় ২৩৭৩টি পরিবারকে ঢাকা মহানগর থেকে দেশের বিভিন্ন গ্রামে পুনর্বাসন করা হয়।
তবে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য কারণে ১৩২২টি পরিবার পুনরায় গ্রাম থেকে শহরে ফিরে আসে। বাকি ১০৫৫টি পরিবার বর্তমানে গ্রামে বাস করছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, "২০০৯-১০ অর্থবছরে ঢাকা মহানগরের ১৪টি বস্তির ২৫০টি পরিবারকে গ্রামে পুনর্বাসন করা হচ্ছে। এসব পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে মোট ৮৬ লাখ ২২ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে।"
দেশের ১৭টি জেলার মানুষ এ ঋণ নিয়ে গ্রামে ফেরত যাচ্ছে বলে জানান তিনি।
ঋণ গ্রহীতারা তাদের নিজ এলাকায় ফিরে গিয়ে ক্ষুদ্র ব্যবসা যেমন-মুদি দোকান, কাঁচামালের ব্যবসা, হাঁস-মুরগী পালন প্রভৃতি কাজে অর্থ বিনিয়োগ করবে বলে জানান মোখতার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৬৫৮ ঘ.
bdnews24