ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মালিক পক্ষের প্রতিনিধি সময় মতো না আসায় গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরি কাঠামো নির্ধারণী বোর্ডের সভা মূলতবি করা হয়েছে।
সোমবার তিন দফা সময় পিছিয়েও নিুতম মজুরি বোর্ডের এই সভা করা যায়নি।
আগামীকাল মঙ্গলবার বেলা দুইটায় সভার পরবর্তী সময় নির্ধারণ করা হয়েছে। আর এ নিয়ে তৃতীয়বারের মতো বোর্ডের সভার সময় পরিবর্তন করা হলো।
বোর্ডের প্রধান জেলা জজ ইকতেদার আহমেদ জানান, মঙ্গলবারের সভায় মালিক প্রতিনিধিরা উপস্থিত না থাকলেও সরকারের ঘোষণা বাস্তবায়নে মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, "মঙ্গলবারের সভায় নিুতম মজুরি বোর্ড খসড়া মজুরি কাঠামো চূড়ান্ত করে একটি গেজেট প্রকাশ করবে। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ১৪ দিনের মধ্যে কোন পক্ষ চাইলে আপত্তি করতে পারবে। এ আপত্তি নিষ্পতির মাধ্যমে ১৪ দিন পর সরকার চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করবে।"
"তবে মালিক ও শ্রমিক উভয়পক্ষকে নিয়ে বোর্ড খসড়া মজুরি কাঠামো চূড়ান্ত করতে পারলে কোন পক্ষের আর আপত্তির কিছু থাকবে না। ফলে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যেই চূড়ান্ত মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করতে পারবে।" বলেন তিনি।
বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিকপক্ষের অনুরোধেই সোমবার সকাল ১০টার সভা বিকেলে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের এক ঘন্টা পর মালিক প্রতিনিধি বোর্ড কার্যালয়ে পৌঁছান। ততক্ষণে সভা মূলতবি হয়ে যায়।
নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর বোর্ডের দু'জন সদস্য সভা মূলতবি করে চলে যান।
শেষ সময়ে মালিক প্রতিনিধি শফিউল ইসলাম মহিউদ্দিন সভাস্থলে পৌঁছান। তার সম্মতিতেই নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
বোর্ডের মালিক প্রতিনিধি বিজিএমইএ'র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানান, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ন্যুনতম মজুরি তিন হাজার টাকার কাছাকাছি নির্ধারণে মালিক পক্ষের সম্মতি রয়েছে।
তিনি সভায় উপস্থিত হতে বিলম্বের কারণ ব্যাখ্যা করে বলেন, যানজটের কারণে নির্ধারিত সময়ে সভায় যোগ দিতে পারেননি তিনি। বিলম্বের কারণ আগেই বোর্ডকে জানানো হয়েছে।
জ্যেষ্ঠ জেলা জজ ইকতেদার আহমেদকে প্রধান করে ২৮ এপ্রিল ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। সোমবার বোর্ডের শেষ বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরি কাঠামো চুড়ান্ত হওয়ার কথা ছিল।
ইতোমধ্যেই শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আগামী ২৯ জুলাই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২১৩৬ঘ.
bdnews24