২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি সম্মেলন: প্রবাসী কল্যাণ ডেস্ক শক্তিশালী করার নির্দেশ

জেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ ডেস্ককে শক্তিশালী করা এবং বিভিন্ন জেলা কারাগারে বন্দী থাকা বিদেশীদের ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 11:37 AM

Updated : 25 Aug 2022, 04:57 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ ডেস্ককে শক্তিশালী করা এবং বিভিন্ন জেলা কারাগারে বন্দী থাকা বিদেশীদের ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ কর্ম-অধিবেশনে ডিসিদের এ নির্দেশ দেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেন, দেশের বিভিন্ন কারাগারে বিদেশী বন্দীরা রয়েছে। যদিও এটি একটি চলমান প্রক্রিয়া, তবু তাদের ফিরিয়ে দেওয়া জটিল কাজ। এতে অনেক সময় লাগে। এ সময় কমিয়ে আনার ব্যাপারে কী করা যায়, সে ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরে প্রবাসী কল্যাণ এবং শ্রম মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, বিভিন্ন জেলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি করে ডেস্ক রয়েছে। কিন্তু এসব ডেস্কে তেমন কোন কাজই হচ্ছে না। জনবলসহ বিভিন্ন সমস্যার কারণে এগুলো কার্যত: অকার্যকরই রয়েছে। তিনি বলেন, "এসব ডেস্ককে কার্যকর করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।" মন্ত্রী জানান, এছাড়াও ডিসিদের সঙ্গে বৈঠকে অভিবাসন ব্যয়, পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরি এবং জনশক্তি রপ্তানীকারকদের পরিবর্তে সরকারের মাধ্যমে জনশক্তি বিদেশে পাঠানোর ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের জন্য সরকার ন্যুনতম মজুরি ঘোষণা করতে যাচ্ছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে। এসব ঘটনা ধৈর্য্যরে সঙ্গে কৌশলে নিয়ন্ত্রণ করতে হবে। কোনভাবেই শ্রমিকদের ওপরে চাপ প্রয়োগ না করতেও বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭৩২ ঘ.