২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর মৃত্যু নিয়ে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

কারখানার ছাদ থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যুর খবরে মিরপুর ১ নম্বরে রাস্তা অবরোধ করে ভাংচুর করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 04:30 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানার ছাদ থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যুর খবরে মিরপুর ১ নম্বরে রাস্তা অবরোধ করে ভাংচুর করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। নিহত বিউটি (১৮) মিরপুরের ভারটেক্স গার্মেন্টস লিমিটেডে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, বিউটির মৃত্যুর খবরে জুম্মার নামাজের পর শ্রমিকরা রাস্তায় নেমে গাড়ি ভাংচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের বাধা দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘাত বাধে। এতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সংঘর্ষ হয়। শ্রমিকরা পাঁচটি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মিরপুর ১ নম্বর এলাকায় অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন অলিগিলিতে অবস্থান করছে। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা রাস্তা আটকে গাড়ি ভাঙচুর শুরু করায় আমরা বাধা দেই। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপরে হামলা চালায়। তখন আমরা লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করতে বাধ্য হই।" প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শুক্রবার সকাল ১০টার দিকে কারখানাটির নয় তলার ছাদ থেকে বিউটি নিচে পড়ে যায়। এসময় ছাদে আরও তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের দুইজন কারখানাটির কর্মচারী বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। শ্রমিক বিক্ষোভের খবরে স্থানীয় সাংসদ আসলামুল হক ও আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে যান। এ সময় তারা বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, মেয়েটির পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেজন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ওসি ওয়াজেদ আলী আরও জানান, বিউটি কীভাবে মারা গেলে তা খতিয়ে দেখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এজে/১৬১৬ ঘ.