ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা চৌধুরী আলমের 'নিখোঁজ' হওয়ার ঘটনা অনুসন্ধান করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চৌধুরী আলমের পরিবারের পক্ষ থেকে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।
চৌধুরী আলমের ছেলে আবু সাইদ চৌধুরী মামলাটি করেন।
গত ২৫ জুন ফার্মগেট ইন্দিরা রোডের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চৌধুরী আলমকে ধরে নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।
এরপর থেকে চৌধুরী আলমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে আসছে তার পরিবার ও বিএনপি।
ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা একাধিকবার সংবাদ সম্মেলন করে র্যাব চৌধুরী আলমকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন।
র্যাব অবশ্য দাবি করছে তারা চৌধুরী আলমকে আটক করেনি।
মামলায় চৌধুরী আলমের ছেলে বলেন, গত ২৫ জুন থেকে তার পিতা নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে মিরপুরের শাহ আলী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাদির পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের বলেন, "কোর্ট চৌধুরী আলমের ঘটনাটি অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক এবং র্যাব মহাপরিচালককে নির্দেশ দিয়েছে। তবে এর জন্য সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএএ/১৫৪০ঘ.
bdnews24