মাদারীপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নতুন মুদ্রানীতি সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
রোববার বিকালে মাদারীপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।
উপকূলীয় অঞ্চল সফর শেষে ঢাকা যাওয়ার পথে আতিউর রহমান মাদারীপুর সার্কিট হাউসে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এই মতবিনিময় সভায় যোগ দেন।
তিনি বলেন, নতুন মুদ্রানীতিতে দেশের দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সচেষ্ট থাকবে।
আতিউর রহমান আরো বলেন, বাংলাদেশ ব্যাংক দেশের বিদ্যুৎ উৎপাদনে সহায়তা দিচ্ছে। এছাড়া সৌর বিদ্যুৎ প্যানেল বসাতেও ব্যাংক ঋণ দিচ্ছে।
সাধারণ মানুষ যাতে ব্যাংক বা কোনো এনজিওর মাধ্যমে সহজে সৌর বিদ্যুৎ প্যানেল বসাতে পারে সেই সুযোগ করে দেওয়াই এর উদ্দেশ্য।
মাদারীপুরের জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরামের প্রধান কর্মকর্তা (সিও) মো. আউয়াল, পুলিশ সুপারিনটেনডেন্ট সরদার তমিজউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক গোলাম মাওলা আকন্দ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/১৮২৬ ঘ.
bdnews24