বরগুনা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনায় একটি সৌর সেচ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সদর উপজেলার কুমড়াখালী-ফুলতলা গ্রামে এ সেচ প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্পের উদ্যোক্তা রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) জানিয়েছে, ৩৮ লাখ টাকার এ প্রকল্পে ৪০ একর জমি অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কুমড়াখালী-ফুলতলা গ্রামের ৮৩টি কৃষক পরিবার সরাসরি সুবিধা পাবে।
এ বিষয়ে শুক্রবার আরডিএফ'র প্রধান নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এই প্রথম ৬ ইঞ্চি ব্যসার্ধের পাইপের মাধ্যমে 'সোলার ইরিগেশন সিস্টেম' চালু হচ্ছে।
এই পদ্ধতিতে মাধ্যমে প্রতিদিন ৮ লাখ লিটার পানি উত্তোলন করা সম্ভব হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে রহিম আফরোজের সহায়তায় এ প্রকল্পের অধীনে এ বছর ১৪০ মেট্রিক টন ধান উৎপন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আরডিএফ এর সভাপতি মো. এমরানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, পৌর মেয়র মো. শাহজাহান, প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন কামাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24