সিলেট, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট এমসি কলেজের ছাত্রলীগ কর্মী উদয়েন্দু সিংহ পলাশ হত্যার ঘটনায় সংগঠনটির আরো এক কর্মীকে আটক করেছে পুলিশ।
এ নিয়ে দুজনকে আটক করা হলো।
শুক্রবার সকালে সিলেট নগরীর শাপলাবাগ এলাকা থেকে আব্দুর রহিম রিপন নামের এই ছাত্রলীগ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরে শাপলাবাগ এলাকায় ছাত্রলীগের প্রতিপক্ষ গ্র"পের হাতে খুন হন এমসি কলেজের গণিত বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র পলাশ।
দুদিন পর বুধবার রাতে তার বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীরেশ্বর সিংহ বাদি হয়ে ৮ ছাত্রলীগ কর্মীকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রিপনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় পুলিশ আইয়ুব নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24