২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আলম সম্পর্কে পুলিশ কিছু জানে না'

ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 07:08 PM

Updated : 25 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক। বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ টেলিকম অডিটরিয়ামে ডিএমপি'র মাসিক আপরাধ পর্যালোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এজাহার অনুযায়ী চৌধুরী আলম অপহরণ হয়েছেন। চৌধুরী আলম বেঁচে আছেন না গুপ্তহত্যার শিকার হয়েছেন- এ প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, তিনি কী অবস্থায় আছেন পুলিশের তদন্তে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ মামলার তদন্ত চলছে বলে জানান পুলিশ কমিশনার। জুন মাসের অপরাধ পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে ১৭টি হত্যাকাণ্ড ঘটেছে, যা মে মাসের তুলনায় ৯টি কম। মে মাসের তুলনায় জুন মাসে মামলার সংখ্যা কমেছে ১৫৯টি, ডাকাতি ৪টি ও দস্যুতা একটি, যৌতুকের ঘটনা কমেছে ৭টি। এছাড়া অজ্ঞান পার্টি, মলমপার্টি, মাদক দ্রব্য ও চোরাচালানের সংখ্যা হ্রাস পেয়েছে। অপরদিকে নারী ও শিশু নির্যাতন বেড়েছে ১২টি। অপহরণ বেড়েছে ৯টি, চুরি ১৩টি, ধর্ষণ বেড়েছে ৫টি। জুন মাসে ঢাকার বিভিন্ন থানায় মোট মামলা হয়েছে এক হাজার ৮৯১টি। মে মাসে মামলা হয় দুই হাজার ৫০টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/এইচএ/০০২৬ ঘ.