২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে স্থায়ী কমিটি পুনর্গঠন হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদীয় স্থায়ী কমিটিতে স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো সভাপতি বা সদস্য থাকলে তাদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 06:23 PM

Updated : 25 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদীয় স্থায়ী কমিটিতে স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো সভাপতি বা সদস্য থাকলে তাদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করা হবে। বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটিগুলোর সভাপতিদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তার এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠক শেষে চিফ হুইপ আব্দুস শহীদ একথা জানিয়েছেন। স্থায়ী কমিটির সভাপতিরা প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, মন্ত্রণালয়গুলো কমিটির সুপারিশ বাস্তবায়ন করে না। তারা কমিটির সভাগুলোতে সুপারিশের ব্যাপারে একমত হয়। কিন্তু পরে এগুলো হারিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেছেন, "স্থায়ী কমিটিতে স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক যদি কেউ থেকে থাকেন, তাহলে তাদের বাদ দিয়ে স্থায়ী কমিটি পুনর্গঠন করা হবে।" সংসদ ভবনে সভা শেষে চিফ হুইপ আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে নিশ্চিত করেন। মন্ত্রণালয়গুলো কমিটির সুপারিশ বাস্তবায়ন করে না- এ অভিযোগ সম্পর্কে প্রধানমন্ত্রী তাদের পরামর্শ দিয়ে বলেন, "যদি দেখা যায় মন্ত্রণালয় ও স্থায়ী কমিটিগুলোর মধ্যে কিছু গ্যাপ রয়েছে, তবে তা সমন্বিতভাবে সমাধান করতে হবে।" ৪৮টি স্থায়ী কমিটির মধ্যে ৩৬টির সভাপতি এ বৈঠকে উপস্থিত ছিলেন। তবে যে তিনটি স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে বিরোধী দলীয় সাংসদরা রয়েছেন তারা বৈঠকে আসেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এইচএ/০০০৯ ঘ.