২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বোমা বিস্ফোরণ মামলায় অভিযোগপত্র

রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে বোমা ফাটানোর ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় দলটির ছয় নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 01:51 PM

রাজশাহী, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে বোমা ফাটানোর ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় দলটির ছয় নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাউল হক রাজশাহী মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। হাকিম আমিরুল ইসলাম অভিযোগপত্র গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। অভিযুক্তরা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু বকর সিদ্দিক, রাজপাড়া থানার আমির আব্দুল মালেক ও সেক্রেটারি মাহবুবুল আহসান, নগরীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোখলেসুর রহমান, ১ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি মোহাম্মদ হাসান ও ২ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি নাইমুল হক। মহানগর হাকিম আদালতের পুলিশ পরিদর্শক দেবেন্দ্রনাথ দাস অভিযোগপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন। গত ৩০ জুন রাত ৮টার দিকে দলের শীর্ষ তিন নেতার মুক্তির দাবিতে রাজশাহী নগরীতে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলকারিরা নগরীর সোনাদীঘির মোড়ে পৌঁছে বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের এই ছয় নেতাকর্মীকে আটক করে। ওই রাতেই বোয়ালিয়া থানার এসআই মতিয়ার রহমান বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৭ ঘ.