মাগুরা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরে ফলের গুদামে অভিযান চালিয়ে কার্বাইড মেশানো তিন মেট্রিক টন আম আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
ওইসব গুদাম থেকে আমে মেশানোর জন্য রক্ষিত কার্বাইডও উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের আতর আলী রোডের বিভিন্ন ফলের গুদামে অভিযান চালায়।
ইউএনও তারিকুল জানান, মুরাদ মোল্লা, খোকন প্রামাণিক, হাফিজার রহমান, আরব আলী ও রবিউল মোল্লার গুদাম থেকে কার্বাইড মেশানো প্রায় তিন মেট্রিক টন পাকা আম আটক করা হয়েছে।
পরে এসব আম শহরতলীর শিমুলিয়া এলাকায় নিয়ে ধ্বংস করা হয়।
পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে বলে তিনি জানান।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আশরাফ আলী ও পৌর স্বাস্থ্য পরিদর্শক কামরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24