ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ শিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানকে উন্নত চিকিৎসার জন্য বুধবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
একমাত্র ছেলে হৃদয় খান তার সঙ্গে গেছেন।
আজম খান মুখ গহ্বরের ক্যান্সারে আক্রান্ত। সিঙ্গপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করার কথা রয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি বিমানে আজম খান রওনা হন।
বাংলাদেশ সময় রাত ১১টার দিকে আজম খানের সিঙ্গপুর পৌঁছানোর কথা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার বড় মেয়ে ইমা খান।
সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরের ১ নং টার্মিনালে আজম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, "দেশে থাকতে আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আশা করছি, এবার সুস্থ হয়ে ফিরে আমি ২/৩ টা অ্যালবামের কাজ শুরু করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পারি।"
আজম খানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লাখ টাকা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/আরএ/১৬২০ ঘ.
bdnews24