২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর সংজ্ঞায় বয়স ১৬ বছর করার প্রস্তাব

শিশুর সংজ্ঞায় বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাব করেছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শিশুর সংজ্ঞায় বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাব করেছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। শিশুদের সুরক্ষার জন্যই বিষয়টি জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ এবং লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রস্তাবিত 'শিশু আইন- ২০১০' শীর্ষক এক কর্মশালায় এ প্রস্তাব করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, "শিশুর বয়স প্রথমে সুনির্দিষ্ট করতে হবে। প্রচলিত সংজ্ঞা অনুযায়ী ১৮ বছর বয়সীরা শিশু বলে অভিহিত হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বয়স ১৬ বছর করা দরকার।" তিনি আরো বলেন, "শিশুদের সুরক্ষার জন্য সংশোধিত 'শিশু আইন-২০১০' জোড়ালো ভূমিকা রাখবে।" সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম প্রস্তাবিত আইনটির বিষয়ে সবার লিখিত মতামত চান। তিনি বলেন, পশ্চিমা দেশের সমাজের কথা বিবেচনা করে নয়, বরং বাংলাদেশের প্রকৃতি, সমাজ, ধর্মীয় অনুভূতির কথা বিবেচনায় নিয়ে সবাইকে এ ব্যাপারে অভিমত দিতে হবে। তিনি শিশু সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। প্রস্তাবিত এ আইনটি ১৯৭৪ সালের শিশু আইনের সংশোধিত রূপ। এতে শিশু কল্যাণ বোর্ড, শিশু বান্ধব পুলিশ, শিশু আদালত এবং বিচার প্রক্রিয়ায় শিশুদের অংশগ্রহণের অধিকারসহ বেশ কিছু ধারা যুক্ত করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসিমা বেগম বলেন, শিশুরা অপরাধ করলে তাদের আইনের আওতায় আনার বিধান রাখা উচিত। অনেকেই শিশু বলে তাদের মাফ করে দেওয়ার পক্ষে। কিন্তু শিশুদেরকেও অপরাধের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে আইনের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক শিশুদের নিরাপত্তার জন্য জাতীয় শিশু কমিশন গঠনের প্রস্তাব করেন। কর্মশালায় লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউটের সভাপতি ব্যারিস্টার এম আমিরুল ইসলামের পক্ষে মূল বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার তানিয়া আমীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগের প্রধান রোজ আন্নে পাপাভেরো, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/২১৪৬ঘ.