২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র ফাঁস: রংপুরে সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রংপুরের কয়েকজনের সাক্ষ্য নিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

রংপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রংপুরের কয়েকজনের সাক্ষ্য নিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। কমিটির প্রধান শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম গোলাম ফারুকের নেতৃত্বে কমিটির সদস্যরা মঙ্গলবার দুপুরে রংপুরে গঙ্গাচড়ার বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্নজগৎ পরিদর্শনে যান। এ সময় তারা প্রত্যক্ষদর্শী, ভিন্নজগৎ এর কর্মকর্তা-কর্মচারী ও মালিক এস এম কামালের সাক্ষ্য নেন। ভিন্নজগৎ এর রেস্ট হাউস ড্রিম প্যালেস ঘুরে দেখেন তারা। সেখানে চাকরিপ্রার্থীদের প্রশ্নপত্র সরবরাহ ও সাজানো পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলো একটি চক্র। গত ৮ জুন এই পর্যটন কেন্দ্রে পুলিশ অভিযান চালিয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের এক কর্মচারীসহ ১৬৭ জনকে গ্রেপ্তার করে। এদের অধিকাংশ বিভিন্ন জেলা থেকে আসা চাকরিপ্রার্থী। এরপর সোমবার পর্যন্ত ঢাকায় গ্রেপ্তার করা হয় সরকারি ছাপাখানা বিজি প্রেসের কর্মচারীসহ আরো অন্তত চারজনকে। ভিন্নজগৎ পরিদর্শনের সময় তদন্ত কমিটির প্রধান গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে যতবড় ক্ষমতাধর ব্যক্তিই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, "প্রাথমিক তদন্তে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারি কর্মকমিশন (পিএসসি) ও বিজি প্রেসের অনেক কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকার প্রমাণ মিলেছে। ঘটনার নেপথ্যের গডফাদারসহ হোতাদের চিহ্নিত করা হচ্ছে।" এরপর তদন্ত কমিটির সদস্যরা রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মো. তানভীরসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। কমিটির অপর সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মফিজুল ইসলাম, সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব শামসুল কিবরিয়া চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব আব্দুল হান্নান শেখ। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় করে সাংবাদিকদের সহায়তা চান তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন- রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হক। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। গত ৯ জুন পরীক্ষা হওয়া কথা ছিলো। সারা দেশে প্রায় এক লাখ ৩২ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.