২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণকাজ জানুয়ারিতে শুরু হবে'

রাজধানীর যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণকাজ আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 01:49 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণকাজ আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এটি নির্মাণ করা হবে। মঙ্গলবার সংসদে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে বিকাল ৪টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। ঢাকার যানজট নিরসনে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে যোগাযোগ মন্ত্রী বলেন, ''আশা করছি দরপত্র প্রক্রিয়া শেষ করে এ বছরের শেষ নাগাদ কনসেশনাল এগ্রিমেন্ট করতে পারব। তা হলেই আগামী জানুয়ারিতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণকাজ শুরু করতে পারব। আমরা সেভাবেই এগুচ্ছি।'' এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণকাজের বেশীরভাগ বর্তমান সরকারের মেয়াদেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন সৈয়দ আবুল হোসেন। তিনি জানান, এই এক্সপ্রেস ওয়ে নির্মাণে চারটি দেশের যৌথ কোম্পানির দরপত্র বাছাই করা হয়েছে। এগুলো হলো- ভারত-ফ্রান্স, চীন-বাংলাদেশ, কোরিয়া-বাংলাদেশ ও থাইল্যান্ড- ইটালী কোম্পানি। রাজধানীতে পাতাল রেল নির্মাণের ব্যাপারে যোগাযোগ মন্ত্রী জানান, এ বিষয়ে জাপান সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। জাইকা এর নির্মাণ ব্যয়ের ৮০ ভাগ অর্থায়ন করার ইঙ্গিত দিয়েছে। তারা সম্ভাব্যতা জরিপকাজ শেষে গত সপ্তাহে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। বেপোরোয়া গাড়ি চালকদের শাস্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সাংসদ তারানা হালিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ সংশোধন করে বিদ্যমান সাজার মেয়াদ কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর কারণে গাড়ি চালকদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় শাস্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন বলেন, এর মূল কাজ ২০১০ সালের অক্টোবরে শুরু হবে। বর্তমানে মাঠ পর্যায়ে নির্মাণ পূর্ববর্তী প্রাথমিক কাজ চলছে। সাংসদ সামশুল হক চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুলিশ সদরদপ্তরের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে দেশে সড়ক ও মহাসড়কগুলোতে মোট ৩,৩৮১টি দুঘর্টনা ঘটেছে। আর এসব দুঘর্টনায় মোট ২৯৫৮ জন প্রাণ হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এইচএ/১৯২৮ ঘ.