২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু

রাজধানীতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 01:46 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক উল্টে তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় চারজন মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, মালবাহী একটি ট্রাক কিছু যাত্রী নিয়ে দিয়াবাড়ি দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে উল্টে যায়। এ সময় ট্রাকটির উপরে বসে থাকা যাত্রীদের দুজন ঘটনাস্থলেই প্রাণ হারায়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনায় আহত অপর পাঁচজনকে টঙ্গি হাসপাতাল ও উত্তরার বাংলদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুজনের মৃত্যু হয়।" নিহতরা হলেন-মো. সিরাজউদ্দিন (৪৩), মো. আখতার হোসেন (২৯), মো. জাফরউল্লাহ (১৮) ও মো. আলামিন (২৫)। ওসি জানান, এরা সকলেই উত্তরার জসিমউদ্দিন রোড থেকে যাত্রী হিসাবে কম ভাড়ায় দিয়াবাড়িতে ফিরছিলেন। ট্রাকটি উল্টে গেলে তার নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। ট্রাকটির ড্রাইভার ও হেলপাররা পালিয়ে গেছে। ম্যাজিস্ট্রেটের অনুমতির পরে নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে ওসি জানান। এর আগে সকালে মিরপুরের পল্লবীতে ম্যাক্সি চাপায় প্রাণ হারান আব্দুল বাকী মিয়া (৭৫) নামে এক ব্যাক্তি। উত্তেজিত জনতা ঘাতক ম্যাক্সিটিতে আগুন লাগিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএএ/১৮১১ঘ.