২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজধানীর ১৪টি খাল পরিবেশ সম্মত করা হবে'

এখনো অস্তিত্ব রয়েছে ঢাকা শহরের এমন ১৪টি খাল পরিদর্শন ও এগুলোর সমস্যা দূর করে পরিবেশ সম্মত করার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 12:23 PM

Updated : 26 Apr 2022, 01:13 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখনো অস্তিত্ব রয়েছে ঢাকা শহরের এমন ১৪টি খাল পরিদর্শন ও এগুলোর সমস্যা দূর করে পরিবেশ সম্মত করার উদ্যোগ নিয়েছে সরকার। নদ-নদীর নাব্যতা রক্ষা এবং গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টার্স্কফোর্স খালগুলো শিগগিরই পরিদর্শন শুরু করবে। রোববার সরকারি ও বেসরকারি মালিকানার বিভিন্ন ইলেক্ট্রনিক গণমাধ্যমের নির্বাহী ও কর্মকর্তাদের সঙ্গে টাস্কফোর্সের এক বৈঠক শেষে নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা জানান। টাস্কফোর্স প্রধান শাজাহান খান বলেন, "ঢাকা ওয়াসা নগরীর ২৬টি খালের একটি তালিকা টাস্কফোর্সকে দিয়েছে। এর বেশির ভাগই কোনো কোনো ব্যক্তির দখলে রয়েছে। এসব খালের মধ্যে ১৪টি এখনো অস্তিত্ব নিয়ে সমস্যামুক্ত অবস্থায় টিকে রয়েছে। বাকিগুলোকে দখলদারদের নিয়ন্ত্রণে সমস্যাযুক্ত চি‎িহ্নত করা হয়েছে।" এর আগে শাজাহান খান ঢাকা সিটি করপোরেশন, ওয়াসা ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। খালগুলো হলো- কাটাসুর খাল, বেগুনবাড়ি খাল, খিলগাঁও-বাসাবো খাল, শাহাজাদপুর খাল, সুতিভোলা (গুলাইল্লার) খাল, আবদুল্লাহপুর খাল, মহাখালী খাল, দ্বিগুণ খাল, বাউনিয়া খাল ও কল্যাণপুর প্রধান খালসহ স্থানীয় অন্য চারটি খাল। নৌ-পরিবহন মন্ত্রী জানান, খালগুলো পরিদর্শনের জন্য টাস্কফোর্স পৃথক একটি কমিটি গঠন করে দেবে। ওই কমিটি খালগুলো পরিদর্শন করে টাস্কফোর্সের কাছে প্রতিবেদন জমা দেবে। নদী দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া প্রসঙ্গে মন্ত্রী জানান, এ নিয়ে একটি প্রামান্য চিত্র তৈরি করা হবে। এ প্রামান্য চিত্রটি বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা হবে। নদীতে বর্জ্য ফেলা বন্ধে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নেওয়া উদ্যোগের কথা জানিয়ে শাজাহান বলেন, "তারা (ডিসিসি) বর্জ্য ব্যবস্থাপনায় ১০০টি কম্পোষ্ট কন্টেইনার ভ্যান এনেছে। বিশেষ ধরণের এ কন্টেইনার দৈনিক পাঁচ টন বর্জ্য পরিশোধন করে দুই টন জৈব সার উৎপাদন করবে।" প্রধানমন্ত্রী শিগগিরই এ প্রকল্প উদ্বোধন করবেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৭৩৮ ঘ.