২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ওসিসহ ১১ পুলিশ কারাগারে

'ক্রসফায়ারে'র নামে নাটোরের বামিহাল বাজারের সার ব্যবসায়ী আনছার আলী হত্যা মামলায় সিংড়া থানার তৎকালীন ওসিসহ ১১ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে জেলা দায়রা জজ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 01:42 PM

নাটোর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'ক্রসফায়ারে'র নামে নাটোরের বামিহাল বাজারের সার ব্যবসায়ী আনছার আলী হত্যা মামলায় সিংড়া থানার তৎকালীন ওসিসহ ১১ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে জেলা দায়রা জজ আদালত। রোববার দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে। বিকালে তাদেরকে নাটোর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিরা হলেন-সিংড়া থানার তৎকালীণ ওসি আবু বক্কার (৬২), উপপরিদর্শক প্রদ্যুৎ কর (৪৫), লিয়াকত আলী (৪৩), সহকারী উপপরিদর্শক জসিম উদ্দিন (৩৬), কনস্টেবল আছির উদ্দিন (৫২), হাফিজুর রহমান (৪২), মফিজ উদ্দিন (৩৬), আনোয়ার হোসেন (৩৮), অধির চন্দ্র (৩৫), আনসারের নায়েক আবুল কাশেম (২৬) ও সদস্য কামাল হোসেন (২৭)। মামলায় বলা হয়, ২০০৮ সালের ২৩ জুলাই সকালে সিংড়া থানা পুলিশ বামিহাল বাজারের সার ব্যবসায়ী আনছার আলীকে আটক করে থানায় নিয়ে যান। সেখানে স্বজনদের সঙ্গে তার কথাবার্তাও হয়। অথচ চারদিন পর, ২৭ জুলাই রাত ২টায় কাকিয়ানের জঙ্গলে গুলিবিদ্ধ অবস্থায় আনছার আলীর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ তার পরিবারকে জানায়, আনছার আলী 'ক্রসফায়ারে' মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলাও দায়ের করে। ঘটনার এক বছরেরও বেশি সময় পর নিহত আনছার আলীর বাবা রজব আলী ১৪ পুলিশ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান ২০০৯ সালের ১৮ আগষ্ট দায়ের করা মামলাটির বিচার বিভাগীয় তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনে সিংড়া থানার তৎকালীন ওসি আবু বক্কারসহ ১২ পুলিশ সদস্য ও স্থানীয় নয় ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়। চলতি বছরের ১০মে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এ অবস্থায় আসামিরা হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। হাইকোর্ট জামিনের আবেদন না মঞ্জুর করে নাটোরের দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করার নির্দেশ দেন। ওই নির্দেশ অনুযায়ী, ১১ পুলিশ সদস্য রোববার দুপুরে নাটোর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তবে মামলার আসামি কনস্টেবল ওয়াদিদ হোসেন আদালতে আত্মসমর্পণ করেননি। বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহির আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিদের কারাগারে পাঠানোয় আমরা সন্তুষ্ট। আশা করছি ন্যায়বিচার পাবো।" আগামী ২৭ জুলাই আসামিদের পক্ষে আবারো জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল বলেন, "বিভাগীয় তদন্তে সুনির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণিত হয়নি।" জানা গেছে, সিংড়া থানার তৎকালীন ওসি আবু বক্কার বর্তমানে অবসরকালীন ছুটিতে আছেন। উপপরিদর্শক প্রদ্যুৎ কর ও লিয়াকত আলী বগুড়া পুলিশে কর্মরত আছেন। সহকারি উপপরিদর্শক জসিম উদ্দিন নাটোরের লালপুর থানার আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। কনস্টেবল ওয়াদিদ হোসেন ও মফিজ উদ্দিন এখনো সিংড়া থানায় কর্মরত। অনান্যরা দেশের বিভিন্ন থানায় আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৭০২ঘ.