গাজীপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কম মজুরি দেওয়া হয়েছে-এমন অভিযোগকে কেন্দ্র করে গাজীপুরের সারদাগঞ্জ এলাকায় ডানা সোয়েটার কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার এ সংঘর্ষের ঘটনায় ১০-১২ জন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে নিটিং বিভাগের অপারেটর মো. শাহিন (২৫) ও আলীকে (২৬) আহত অবস্থায় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার ( শিল্পাঞ্চল) মনোয়ার হোসেন জানান, সকাল ৮ টার দিকে শ্রমিকরা প্রতিদিনের মতো কাজে যোগ দেয়। এক পর্যায়ে উৎপাদন মজুরি কম দেওয়া হয়েছে-এমন অভিযোগে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
তিনি জানান, কম মজুরির কারণ দেখিয়ে নিটিং বিভাগের কিছু শ্রমিক অন্যদের কাজ বন্ধ করতে বলে। কাজ বন্ধ না করায় তারা কর্মরত শ্রমিকদের উপর চড়াও হয়।
এতে করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকরা আর কাজে যোগ না দিয়ে কারখানা এলাকা ত্যাগ করে।
কারাখানা কর্তৃপক্ষ দাবি করছে, যারা যে পরিমান কাজ করেছে, তাদের সে অনুযায়ীই মজুরি দেওয়া হয়েছে। কাউকে কম দেওয়া হয়নি। উদ্দেশ্যমূলকভাবে কিছু শ্রমিক এ ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৬৪৭ঘ.
bdnews24