২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ৪ জামায়াত নেতাকর্মীর রিমান্ড

শেরপুর শহর জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেনসহ দলটি চার নেতাকর্মীকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 06:21 PM

Updated : 25 Aug 2022, 01:31 PM

শেরপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুর শহর জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেনসহ দলটি চার নেতাকর্মীকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে পুলিশ জামায়াতের পাঁচ নেতাকর্মীকে তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত চেয়ে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে। শুনানি শেষে হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপু আনোয়ারসহ চারজনকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বাকিরা হলেন- রফিকুল ইসলাম, আয়ুবআলী ও ইব্রাহিম সাদী। অসুস্থতার কারণে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেনের হেফাজত নামঞ্জুর করে আদালত। গত ৩০ জুন সকালে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি থেকে এদের গ্রেপ্তার করা হয়। জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে পুলিশ তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে শেরপুর সদর থানা একটি মামলা দায়ের করে। আগেরদিন জামায়াতের আমির মতিউর নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলো দলটি। বিক্ষোভ কর্মসূচি পালনের সময় ও পরে বিভিন্ন স্থানে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১০ ঘ.