ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জটিলতা নিরসন, গ্রাহক হয়রানি বন্ধ এবং জালিয়াতি দূর করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) মোটরযান কর ও ফি আদায়ের কাজটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সেইসঙ্গে মোটরযানের কর ও ফি আদায়ের কাজটি পাঁচ বছরের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি।
বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে এই সভায় ১২ লাখ ৫৪ হাজার মেট্রিক টন বিভিন্ন শ্রেণীর জ্বালানি তেল আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
সভা শেষে কমিটির সদস্যদের কেউই এসব বিষয়ে সাংবাদিকদের কোন কথা বলেননি। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা উপসচিব নূর উর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মোটরযানের কর ও ফি আদায়ের দায়িত্ব পেয়েছে 'কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস ইন এসোসিয়েশন উইথ সাউথ-ইস্ট ব্যাংক এণ্ড টেলনেট' নামের একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি ভ্যাট, ট্যাক্স ও আইটি চার্জসহ ৪৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৮৭৫ টাকার দরপত্র প্রস্তাব দিয়েছে। এরমধ্যে দুই কোটি ৬২ লাখ ৯৬ হাজার ৮৭৫ টাকা ভ্যাট, ট্যাক্স ও আইটি চার্জ হিসেবে ব্যয় হবে। বাকী ৪২ কোটি সাত লাখ ৫০ হাজার টাকা যাবে সরকারি কোষাগারে।
বর্তমানে বিভিন্ন ডাকঘরের মাধ্যমে বিআরটিএ এসব কর ও ফি আদায় করে।
সভায় জ্বালানী মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাবে মোট ১২ লাখ ৫৪ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। এরমধ্যে নয় লাখ ৭৮ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল), এক লাখ ৭০ হাজার টন জেট ফুয়েল, ৭০ হাজার টন কেরোসিন এবং ৩৬ হাজার টন মগেজ (অকটেন)।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের (কেপিসি) থেকে চলতি জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে প্রতি ব্যারেল তিন দশমিক ৪০ ডলার প্রিমিয়ামে চার লাখ ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিনতে না পারা অবশিষ্ট ৬০ হাজার টন গ্যাস অয়েল তিন দশমিক ৯০ ডলার প্রিমিয়ামে এবং এক লাখ ৪০ হাজার টন জেট ফুয়েল ব্যারেল প্রতি চার দশমিক ৪০ ডলার প্রিমিয়ামে কেনা হবে।
কেপিসি থেকে পাঁচ লাখ ২০ হাজার টন গ্যাস অয়েল এবং এক লাখ ৪০ হাজার টন জেট ফুয়েল কিনতে সরকারের ব্যয় হবে প্রায় তিন হাজার ৭০ কোটি আট লাখ টাকা।
এছাড়া পেট্রোনাস ট্রেডিং করপোরেশন থেকে তিন লাখ ৭০ হাজার টন গ্যাস ওয়েল ব্যারেলপ্রতি তিন দশমিক ৩৯ ডলার প্রিমিয়ামে, ৫০ হাজার টন কেরোসিন ব্যারেলপ্রতি চার দশমিক ৩৯ ডলার প্রিমিয়ামে, ৩০ হাজার টন জেট অয়েল ব্যারেলপ্রতি চার দশমিক ৩৯ ডলার প্রিমিয়ামে এবং ২৪ হাজার টন মগেজ (অকটেন) প্রতি ব্যারেল সাত দশমিক ২০ ডলার প্রিমিয়ামে কেনা হবে।
এদিকে ফিলিপিনো প্রতিষ্ঠান পিনোক (পিএনওসি) এক্সপ্লোরেশন করপোরেশন থেকে ৮৮ হাজার টন গ্যাস অয়েল ব্যারেলপ্রতি তিন দশমিক ৩৯ ডলার প্রিমিয়ামে, ২০ হাজার টন কেরোসিন ব্যারেলপ্রতি চার দশমিক ৩৯ ডলার প্রিমিয়ামে এবং ১২ হাজার টন অকটেন ব্যারেলপ্রতি সাত দশমিক ২০ ডলার প্রিমিয়ামে কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।
কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী এনামুল হক ও সংশ্লিষ্ট সচিবসহ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/১৯৫০ঘ.
bdnews24