ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের (রিমান্ড) আদেশ বাতিলের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে মহানগর দায়রা জজ আদালতে পল্টন, রমনা ও উত্তরা থানার তিন মামলায় ১০ দিনের পুলিশ হেফাজাতের জন্য হাকিমের দেওয়া আদেশ পুনর্বিবেচনা করে তা বাতিলের আবেদন জানান তাদের আইনজীবীরা।
আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন পলাশ দুই পক্ষের শুনানি শেষে আবেদনটি নাকচ করে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
জামায়াত নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন আব্দুর রাজ্জাক, এস এম কামালউদ্দিনসহ বেশ কয়েকজন আইনজীবী।
পুলিশের কাজে বাধা দেওয়া ও ভাংচুরের অভিযোগে পল্টন থানার মামলায় তিন দিন, রমনা থানার হত্যা মামলায় চার দিন ও উত্তরায় থানার রাষ্ট্রদ্রোহ মামলায় তিন দিনের পুলিশ হেফাজত দিয়েছিল আদালত।
৩০ জুন তাদের বিরুদ্ধে ওই তিনটি থানার মোট ৫টি মামলায় মোট ১৬ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়। ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান ও তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী হোসাইন এসব আদেশ দেন।
ইতিমধ্যে পল্টন থানার অপর দুই মামলায় গত ২৯ জুন গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামী বাংলাদেশ এর শীর্ষ এই তিন নেতাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এসএএ/১৮১৯ঘ.
bdnews24