ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দারুস সালামে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় তিন উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন উপ-পরিদশর্ক হেকমতউল্লাহ, সহকারি উপ-পরিদর্শক মশিউর রহমান ও আরেক সহকারি উপ-পরিদর্শক আবু সাইম।
মঙ্গলবার রাতে মিরপুর অঞ্চলের উপ-পুলিশ কমিশনার বরখাস্তের এ আদেশ দেন।
দারুস সালাম থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের কর্মকান্ডে পুলিশের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার কারণে এই তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পর এদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।"
এরআগে রোববার গুলশানের ঘটনায় দুজন উপ-পরিদর্শককে রাজারবাগ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন আনিসুর রহমান ও ক্ষিতিশ চন্দ্র রায়।
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১ জুলাই রাজধানীর দারুস সালাম থেকে ছেলের সামনেই মজিবর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরদিন তার লাশ তুরাগ নদীতে পাওয়া যায়।
এর আগে ৩০ জুন বুধবার গুলশানের বাসা থেকে ব্যবসায়ী মিজানুর রহমানকে (৪২) আটক করে পুলিশ।
তার পরিবারের সদস্যদের অভিযোগ, থানা হেফাজতে দুইদিন রাখার পর ঘুষ না দেওয়ায় পুলিশ মিজানুর রহমানকে হত্যা করেছে। অন্যদিকে ছিনতাইকালে পুলিশের হাতে তিনি নিহত হন বলে দাবি করছে গুলশান থানা পুলিশ।
এছাড়া ২৮ জুন রমনা থানা হেফাজতে অটোরিকশা চালক বাবুল গাজী (৪০) নিহত হন।
ঘটনা তদন্তে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে মহানগর পুলিশ। কমিটিগুলোকে ১০দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২২২৩ ঘ.
bdnews24