ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বুধবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে বলে জানিয়েছে তার পরিবার।
সিঙ্গাপুর থেকে তার ছোট ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান (সজল) মঙ্গলবার রাতে এ খবর জানান।
তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্বাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে নিয়ে আসার সব ব্যবস্থা শেষ পর্যায়ে। আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। বুধবার সকালে তা শেষ হলে আমরা দুপুরের পর রওনা দেবো বলে আশা করছি।"
এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অ্যাম্বুলেন্স প্রাপ্তির ওপর তা নির্ভর করছে বলে সজল জানান। বাবার আশু আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
সজল বলেন, বাবার (মান্নান ভূঁইয়া) অবস্থা অপরিবর্তিত রয়েছে। কৃত্রিম যন্ত্রের সাহায্যে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। অক্সিজেন গ্রহণে অসুবিধা ছাড়া অন্য সব অঙ্গ সচল রয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে মান্নান ভুঁইয়াকে দেশে নিয়ে আসা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছার পর বিমান বন্দর থেকে তাকে সরাসরি স্কয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানেই তার চিকিৎসা শুরু হবে।
বর্তমানে মান্নান ভুঁইয়া সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় গত এক সপ্তাহ ধরে তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে সোমবার থেকে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
গত ৩১ মে মান্নান ভূঁইয়া ফুসফুসের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।
চারদলীয় জোট সরকারের প্রভাবশালী এই মন্ত্রী টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২০ ঘ.
bdnews24