শরীয়তপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মা নদীর পানি বাড়তে থাকায় জেলার নড়িয়া উপজেলার ওয়াপদা ও চণ্ডিপুর লঞ্চঘাট, বাজারসহ আটটি গ্রাম হুমকির মুখে পড়েছে।
এর মধ্যে ওয়াপদা, চণ্ডিপুর, সাহেবেরচর, চরজুজিরা, পাঁচগাঁও গ্রামের অন্তত ২০টি বাড়ি এবং ওয়াপদা বাজারের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ভাঙ্গন এলাকা ঘুরে এসে জানান, গত সাতদিনের ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়ায় ওয়াপদা লঞ্চঘাট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সাহেবেরচর ও শিকারীপাড়া এলাকার ২০টি পরিবার ভাঙ্গনের শিকার হয়ে নিরাপদ দুরত্বে সরে গেছে। ভাঙ্গন অব্যাহত থাকলে চণ্ডিপুর লঞ্চঘাটটিও সরিয়ে নিতে হবে।
নড়িয়া উপজেলার নিবাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলাটি ভাঙ্গন প্রবণ এলাকা। প্রতিবছরই পদ্মার ভাঙ্গন হয়।"
তিনি জানান, এর মধ্যে কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান তাকে জানিয়েছেন নদী ভাঙ্গন শুরু হয়েছে। ১২-১৩ টি বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে।
উপজেলার কেদারপুর ইউনিয়নের সাহেবেরচর, চরজুজিরা, খাঁ কান্দি, শিকারীপাড়া, খালাসী কান্দি, পাঁচগাঁ ও চণ্ডিপুরে লঞ্চ ঘাট, ট্রলার ঘাট এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে।
নদীতীরবর্তী ওয়াপদা বাজার, চণ্ডিপুর বাজার, পাঁচগাঁও, চণ্ডিপুর, মুন্সী কান্দি গ্রামসহ দুই কিলোমিটার এলাকা ভাঙ্গনের হুমকিতে রয়েছে।
সুরেশ্বর-চণ্ডিপুর সংযোগ সড়কে ভাঙ্গনের ফলে পাঁচগাঁও সেতুটি নদী গর্ভে বিলীন হওয়ায় পথে। ইতোমধ্যে সেতুর দুই পাশের মাটি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ওয়াপদা গ্রামের ফাহিমা বেগম ও রীনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের এলাকায় ১০-১২ দিন ধরে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এর মধ্যে ১৫-২০টি বাড়ি বিলীন হয়েছে। তারা এখন ঝুঁকির মধ্যে আছেন।
ভাঙ্গন এলাকার প্রায় ২০টি পরিবার ঘর বাড়ি সরিয়ে নিয়েছে।
কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল শিকারীসহ কয়েকজন জানান, পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙ্গনও বাড়ছে। তাদের ঘর-বাড়ি অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে।
প্রতি বছরই এই এলাকায় ভাঙ্গন হয় বলে তারা জানান।
উপজেলার সাহেবেরচর গ্রামের আবু সিদ্দিক গাজী বলেন, ভাঙ্গন শুরু হলেও আজ পর্যন্ত কেউ তাদের খোঁজ নেয়নি। অনেক বাড়ি-ঘর ভাঙ্গনের মুখে রয়েছে। তার বাড়িও হুমকির সম্মুখীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.
bdnews24