ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে কর্মরত প্রায় ৭০ লাখ বাংলাদেশীকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) সরবরাহ করতে কমপক্ষে দুই থেকে তিন বছর লেগে যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মন্ত্রী সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এ সময় উপস্থিত ছিলেন।
খন্দকার মোশাররফ বলেন, "আমরা পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে রয়েছি। এ অবস্থায় আমাদের একযোগে এতো বেশি পাসপোর্ট দ্রুত এমআরপি করা সম্ভব নয়। এতে বেশ কিছুটা সময় লাগবে। তাই সব দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হচ্ছে। হাতে লেখা পাসপোর্টেও কিছুদিনের জন্য ভিসা দেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।"
এ প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ২০০ কর্মী বিদেশে যাচ্ছে। গত জুন মাসেও প্রায় ৩৫ হাজার কর্মী বিদেশে গেছে। তাদের পাসপোর্ট এমআরপি করা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আবেদনকারী প্রত্যেকের পাসপোর্টই এমআরপি করা হবে।
এর আগে রোববার জরুরি ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের হাতে লেখা পাসপোর্টে ভিসা দেওয়ার জন্য জনশক্তি আমদানিকারক দেশগুলোর কাছে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বিশ্ব অর্থনৈতিক মন্দা দূর হওয়ার পর বর্তমানে নতুন করে বিদেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা- এ প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, মন্দা দূর হলেও এর প্রভাব এখনো রয়েছে। এ অবস্থায় সরকার নতুন নতুন ক্ষেত্র বের করার চেষ্টা করছে। শিগগিরই ইরাকে আমাদের অনেক কর্মী যাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯০৮ ঘ.
bdnews24