২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিজিআরকে রাষ্ট্রপতি: মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 12:46 PM

Updated : 25 Aug 2022, 01:21 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি জিল্লুর রহমান মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সর্বোচ্চ পেশাগত দক্ষতা ও দৃঢ় মনোবল প্রদর্শন করার জন্য তাদের প্রতি আহ্বান জানান। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে দরবারে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। এর আগে সকালে রেজিমেন্ট মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং পরে কোয়ার্টার গার্ডে পিজিআরের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই রেজিমেন্টের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপতি সকালে পিজিআর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি দরবারে উপস্থিত হন। রেজিমেন্টের অফিসার, জেসিও ও অন্য পদবীর সব সদস্যরা দরবারে উপস্থিত ছিলেন। দরবারে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি পিজিআর সদস্যদের উদ্দেশ্যে বলেন, "আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি জাতি গঠনমূলক কাজে অংশ নেবেন- এ আমার প্রত্যাশা।" রাষ্ট্রপতি আরো বলেন, "আমি দেখেছি- জীবন বাজি রেখে আপনারা আপনাদের দায়িত্ব ও কর্তব্য পালন করেন। যা অত্যন্ত প্রশংসনীয়। এই দায়িত্ব পালনে আপনারা আপনাদের সর্বোচ্চ পেশাগত দক্ষতা এবং দৃঢ় মনোবল প্রদর্শন করবেন। মানবিক মূল্যবোধও সমুন্নত রাখবেন।" পিজিআরকে আরো সুসংহত করার নিজ পরিকল্পনার কথাও রাষ্ট্রপতি উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭৩৮ ঘ.