২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের ভাংচুর, আটক ৪১

চট্টগ্রাম মহানগরীর হালিশহর ও আগ্রাবাদে দেড় কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ভাংচুর করেছে ছাত্রশিবির কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 12:08 PM

Updated : 25 Aug 2022, 01:18 PM

চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর হালিশহর ও আগ্রাবাদে দেড় কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ভাংচুর করেছে ছাত্রশিবির কর্মীরা। রোববার বিকাল ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত ৫০ থেকে ৬০ জন শিবিরকর্মী হঠাৎ লাঠিসোটা নিয়ে মিছিল ও ভাংচুর শুরু করে। তারা অর্ধশতাধিক যানবাহন এবং ২০টির মতো দোকানপাট ভাঙচুর করে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪১ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আবু বক্কর (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয় একটি শাটার গান ও সাত রাউন্ড গুলিসহ। এ সময় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ভাংচুরের ঘটনায় আগ্রবাদ একসেস রোড ও এর আশপাশের এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকে। সন্ধ্যা ছয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বিকাল ৪টার দিকে হালিশহর থানাধীন এসি মসজিদ ও আশপাশ এলাকা থেকে লাঠিসোটা নিয়ে শিবিরকর্মীরা হালিশহর জি ব্লকের সামনে জড়ো হয়। তারা হঠাৎ করে মিছিল বের করে। মিছিল থেকে তারা জামায়াত নেতা নিজামী ও মুজাহিদসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়। হালিশহর জি ব্লকের সামনের পানের দোকানদার মোহাম্মদ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুরুতেই শিবিরকর্মীরা একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে। মিছিল করার সময় লাঠি ও পাথর দিয়ে সড়কের দু'পাশের ট্রাক, অটোরিক্শা, বাস, টেম্পো ভাংচুর করে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত বলেন, ৫০ জনের মতো শিবিরকর্মী হালিশহর জি ব্লকের সামনে থেকে আকস্মিকভাবে মিছিল বের করে। মিছিলটি আগ্রাবাদ একসেস রোড মোড়ে পৌঁছালে ওই এলাকায় দায়িত্বরত টহল পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ কর্মকর্তা জানান, মিছিল থেকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকিরকে লক্ষ্য করে এক রাউণ্ড গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে লাঠিপেটা করে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিবিরকর্মীরা ছোটপুল মোড় এলাকায় সিঙ্গাপুর সমবায় মার্কেট ও আশপাশের এলাকায় গা ঢাকা দেয়। শিবিরকর্মীরা দেড় কিলোমিটার এলাকা জুড়ে দু'টি কমিউনিটি সেন্টার, একটি ডায়াগনস্টিক সেন্টার, দু'টি খাবার হোটেল, একটি ফার্নিচারের দোকান, দু'টি গাড়ি মেরামতের গ্যারেজ, সড়কের দু'পাশে থাকা বেশ কয়েকটি ভবনের কাচ ও অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করেছে বলে জানান এসি তানভীর। তিনি জানান, ঘটনার সময় শিবিরের ৪০ জন কর্মীকে আটক করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর সমবায় মার্কেটে আত্মগোপনকারী শিবিরকর্মী আবু বক্করকে একটি শাটার গান ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। হামলা-ভাঙচুরের ঘটনায় হালিশহর ও ডবলমুরিং থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডবলমুরিং থানা পুলিশ জানিয়েছে। এ ঘটনার পরপরই বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা হালিশহর ও ডবলমুরিং এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে হামলাকারীদের গ্রেপ্তার, বিচারসহ যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে শ্লোগান দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২১০২ ঘ.