২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে অপহৃত ২১ জেলে উদ্ধার

সুন্দরবনে নয়টি নৌকাসহ বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 11:03 AM

Updated : 25 Aug 2022, 01:08 PM

বাগেরহাট, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে নয়টি নৌকাসহ বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। বুধবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকার ঝাপসী নদী থেকে তাদের উদ্ধার করা হয়। বনদস্যু রাজু বাহিনী মরা পশুর নদী থেকে গত ২৮ জুন জেলেদের অপহরণ করে। এরপর তাদের ছেড়ে দিতে এক লাখ আশি হাজার টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার লোকমান হাকিম জানান, রাজু বাহিনীর অবস্থানের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, "ঝাপসী নদীর শেষ মাথায় পৌঁছালে তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নয়টি নৌকাসহ অপহৃত জেলেদের ফেলে পালিয়ে যায়।" উদ্ধারকৃতরা হচ্ছেন- বাগেরহাটের মংলা উপজেলার চিলা গ্রামের কমলেশ মণ্ডল (৬০), হালিম সরদার (৪০), মো. মাসুদ সরদার (১৩), মো. শাহ আলম সরদার (২০), সুভাষ চন্দ্র মিস্ত্রী (৩৯), বিকাশ মিস্ত্রী (৪০), মিতু গাইন (৪৩), রাজ্জাক হাওলাদার (৩৮), মো. সোহেল মোল্লা (১৫), মো. দুদু মিঞা (৮), ইদ্রিস আলী শেখ (৫০), একই উপজেলার বৈদ্যমারী গ্রামের শহর আলী বিশ্বাস (৩৫), জালাল সরদার (২০), মো. মুরাদ মুসল্লী (৩০), মো আলী আযম সরদার (৩০), মো. গোলাম রসুল (৩৫), বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের মো. আজিজুল হোসেন (২৫), কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের আলী আকবর (১৮), নিয়ামুল হাওলাদার (২২), বাবুল হাওলাদার (৪০) ও মোহাম্মদ হাওলাদার (৫০)। উদ্ধারকৃত জেলে কমলেশ মণ্ডলের উদ্ধৃতি দিয়ে কোস্টগার্ড কর্মকর্তা জানান, গত ২৬ জুন তারা মরা পশুর নদীতে মাছ ধরতে যায়। ২৮ জুন রাজু বাহিনীর ৪০-৫০ জনের একটি দল তাদেরকে আটক করে। তারা প্রতিটি নৌকা থেকে কুড়ি হাজার টাকা দাবি করে এবং লোকালয় থেকে চাল, ডাল, তেল, সিগারেটসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কিনে দিতে একটি তালিকা ধরিয়ে দেয়। পরে লোকালয়ে এসে কমলেশ ওই মালামাল কিনে নিয়ে যান। অভিযানে ওই সব মালামালও উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৭০০ ঘ.