২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল রপ্তানির নিষেধাজ্ঞা ৬ মাস বাড়লো

অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ বাড়াতে সরকার সব ধরনের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো ছয়মাস বাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ বাড়াতে সরকার সব ধরনের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো ছয়মাস বাড়িয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। গত ৩১ ডিসেম্বর সুগন্ধিসহ সকল প্রকার চাল রপ্তানি ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এ নিষেধাজ্ঞার মেয়াদ বুধবার শেষ হয়েছে। গত ২০০৭-০৮ সালে বাজারে চালের সংকট এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের জুন মাসে চাল রপ্তানির ওপর প্রথম নিষেধাজ্ঞা জারি করে। চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়ানো, মূল্য নিয়ন্ত্রণ ও মূল্যবৃদ্ধির উর্ধ্বগতি রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা বৃদ্ধির মেয়াদ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কার্যকর হয়ে ৩১ ডিসেম্বর বহাল থাকবে। তবে সরকার আদেশটি বাতিলের নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এ বছর বোরো মৌসুমে সরকার প্রতি কেজি চাল ২৫ টাকায় কিনলেও সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত চাল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় চাল রপ্তানির সুযোগ দিলে অসাধু অনেকেই এ সুযোগের অপব্যবহার করবে। তিনি বলেন, "চাল নিয়ে অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমাদের কাছে টাকা থাকলেও অনেক জায়গা থেকেই আমরা চাল কিনতে পারিনি। তাই এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। একইসঙ্গে আমরা চালের মূল্য স্থিতিশীল রাখতে বিদেশ থেকে চাল আমদানিরও উদ্যোগ নিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/এমএসবি/১৮৪৬ ঘ.