ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে।
এর মধ্যে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কয়েকদিন ধরেই বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দু'টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। অপরিবর্তিত আছে নয়টি উপজেলার বন্যা পরিস্থিতি।
সুনামগঞ্জ জেলা শহর ও আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুরমা নদীর পানি জেলার ষোলঘর পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ৪৭ সেন্টিমিটার বাড়লেও বিপদ সীমার নিচে রয়েছে।
কুড়িগ্রামে ব্রক্ষপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলা, তিস্তা, দুধকুমোরসহ অন্যান্য নদীর পানি বিপদ সীমার খুব কাছে চলে এসেছে।
গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া, আখিরা ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, পরবর্তী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বাড়তে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত কমে আসতে পারে।
এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
সিলেট: পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে।
সুরমা ও কুশিয়ারার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নয় উপজেলার অবস্থা অপরিবর্তিত রয়েছে। এগুলো হলো- বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, কানাইঘাট, বিশ্বনাথ, জৈন্তাপুর ও জকিগঞ্জ।
এ নয় উপজেলার পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. ইকবাল হোসেন জানান, দু'দিন বন্ধ থাকায় বন্যার পানি ধীরে ধীরে কমছে। তবে মঙ্গলবার আবার বৃষ্টিপাত শুরু হয়েছে।
তিনি জানান, কবলিত এলাকায় এ পর্যন্ত নগদ ৫১ লাখ ১৪ হাজার এবং ১৯৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার বিকাল ৩টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার দশমিক ৭ সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে ১ দশমিক ১ সেন্টিমিটার, কুশিয়ারার পানি শেওলা পয়েন্টে বিপদসীমার দশমিক ২০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
সুনামগঞ্জ: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদনদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে জেলা শহর ও আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
শহরের সাববাড়ী ঘাট, আরপিননগর, লঞ্চঘাট, নবীনগর এলাকায় সুরমা নদীর পানি ঢুকেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদ সীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড গত ২৪ ঘন্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন জানান, সুরমা নদীর পানি বাড়ায় উপজেলার মঙ্গলকাটা, রঙ্গারচর ও সুরমা ইউনিয়নের নিম্নঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু জানান, শহরের সাববাড়ী ঘাট, আরপিননগর, লঞ্চঘাট, নবীনগর এলাকায় ইতোমধ্যে বন্যার পানি ঢুকতে শুরু করেছে।
পরিস্থিতির অবনতি হলে পৌর এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হবে বলে তিনি জানান।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী খন্দকার মোশারফ হোসেন বলেন, সুনামগঞ্জে সবকটি পয়েন্টে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
জামালপুর: পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে যমুনার পানি বাড়ছে। বাহাদুরাবাদ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামপুর উপজেলায়।
উপজেলার পার্থশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত আলী খান ও কুলকান্দি ইউপির চেয়ারম্যান জোবাইদুর রহমান দুলাল বিএসসি জানান, যমুনার প্রবল স্রোতে ইসলামপুরের কুলকান্দি-পার্থশী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মুরাদাবাদ এলাকায় প্রায় এক হাজার ফুট ভেঙে গেছে। বাঁধের উপর আশ্রয় নেওয়া ১০টি পরিবারের বাড়ি স্রোতে ভেসে গেছে। ওই বাঁধে আশ্রয় নেওয়া লোকজন বাড়িঘর সরিয়ে নিচ্ছে।
ইতোমধ্যে কুলকান্দি, পার্থশী ও বেলগাছা ইউনিয়নের ২০টি গ্রামের নিুাঞ্চল প্লাবিত হয়েছে। গুঠাইল-মলমগঞ্জ সড়কে দুই ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পাট ও আখসহ বিভিন্ন ফসলের অনেক ক্ষেত তলিয়ে গেছে।
জামালপুরের জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহম্মেদ জানান, মঙ্গলবার দুপুরে তিনি ইসলামপুরের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। দ্রুত সরকারি সাহায্য দেওয়া হবে বলে জানান।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকেীশলী সামছুল করিম জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
সিরাজগঞ্জ: উজানের ঢল ও অবিরাম বর্ষণে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় বন্যা দেখা দিয়েছে।
যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৪৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপদ সীমার ৬২ সেন্টিমিটার নিচে রয়েছে।
মঙ্গলবার সকালে সদরের খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রিং বাঁধ সংলগ্ন প্রায় ৫০ ফুট রাস্তা পানির তোড়ে ভেসে গেছে।
সদর উপজেলার রানীগ্রাম, খোকশাবাড়ি, কুশাহাটা, শৈলাবাড়ি, খলিশাকুড়া, মিরপুর, মালশাপাড়া, বিয়ারা, ঘোনাপাড়া, ছোট-পিয়ারী, বাঐতারা, ছাইতানতলী, কাজিপুরের শুভগাছা, মাইজবাড়ি, মেঘাই, বেলকুচির রান্ধুনীবাড়ি, চৌহালীর এনায়েতপুর চর, খাস-ধোলাই, খাস-কাউলিয়া এবং শাহজাদপুর উপজেলার গালা ও কৈজুরী ইউনিয়নের নদী তীরবর্তী গ্রামসমূহের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়া চৌহালী উপজেলা সদরের খাস-কাউলিয়া বাজারের এক-তৃত্বীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে উপজেলা পরিষদ যমুনা নদীর ১০ মিটার দূরে অবস্থান করছে।
সদর ও কাজিপুর উপজেলার পাউবো'র বাঁধে বন্যা কবলিত মানুষ আশ্রয় নিতে শুরু করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অজিত কুমার বিশ্বাস জানান, বিভিন্ন উপজেলায় বন্যা শুরু হয়েছে। ইতোমধ্যে যমুনা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় পাউবো'র বালির বস্তা কোনো কাজেই আসছে না।
তিনি বলেন, চৌহালী উপজেলার অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে উপজেলা পরিষদ রক্ষা করা কঠিন হবে। চৌহালী ও সদরে গত দুই দিনে প্রায় ৩০ টন খয়রাতি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বলেন, সদরের খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতী গ্রামে রিং বাঁধের ওই অংশে আমরা প্রতিবছরই বাঁশের পাইলিং দেই। কিন্তু বন্যা শেষ না হতেই স্থানীয় লোকজন চুরি করে নিয়ে যায়। বর্তমানে বাঁধের কুশাহাটা গ্রাম এলাকায় প্রায় একশ' মিটার অংশে জরুরিভিত্তিতে প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রক্ষপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদ সীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা, তিস্তা, দুধকুমোরসহ অন্যান্য নদীর পানি বিপদ সীমার খুব কাছে চলে এসেছে।
সার্বিক বন্যার পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক মঙ্গলবার বিকাল ৩টায় জরুরি সভা করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
জেলার শতাধিক চরে পানি উঠে এক লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের নন্দ দুলালের ভিটা, মোগলবাসা চর সিতাইঝার, নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনয়নের নুন খাওয়া এবং ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামে ব্যাপক ভাঙছে। এসব এলাকায় বহু বিদ্যালয়, বাঁধ, ফসলি জমি এবং বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙ্গনের মুখে রয়েছে সেতু, রাস্তা, হাট-বাজার, বিদ্যালয়, মাদ্রাসা ও ইউনিয়ন চিকিৎসা কেন্দ্র।
চর ও দ্বীপচর গুলোতে পানি ওঠায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ নৌকা ও ভেলায় যাতায়াত করছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসাফুদ্দৌলা জানান, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলার পানি ২৪ সেন্টিমিটার, দুধকুমোর-এর পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।
চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল সরকার জানান, ইউনিয়নের চাচলাবন্ধ, পেডিখাওয়া, মাচাবান্দা, ফকিরের কুটি, রাজাবল্ল
bdnews24