ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে গ্রেপ্তার খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান খান ও আহমেদ আজম খানসহ ছয়জনকে জামিন দিয়েছে আদালত।
রোববার বিকালে আদালতে হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানানো হয়।
মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে তাদের জামিন দেন।
পুলিশের কাজে বাধাদান, বিশৃঙ্খলা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের এই ছয়জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।
জামিন পাওয়া অপর চারজন হলেন, বিএনপিকর্মী কে এম জুয়েল, চাঁন মিয়া, আবু জাফর পাটোয়ারী ও মনির হোসেন।
একই দিন কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গোলাম মাওলা শাহীনসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তাদের জামিন আবেদন নাকচ করে মহানগর হাকিম মুন্সী আবদুল মজিদ এ আদেশ দেন।
এছাড়া পল্টন থানায় দায়ের হওয়া অপর একটি মামলায় বিএনপিকর্মী মহিউদ্দিন, জুয়েলসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার।
তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২০১৭ ঘ.
bdnews24