২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইয়ের অর্থসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের অর্থসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 12:49 PM

চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের অর্থসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর দক্ষিণ বাকলিয়া এলাকায় শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জালাল (৩২), জাহেদ হোসেন ওরফে জাকু (৩৫), মো. জাভেদ (২৮), সোহেল মিয়া (৩১) ও মোহাম্মদ আলী (৩৮)। কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর বক্সিরহাট এলাকায় শ্যামল দত্ত নামে এক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৩৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। ওইদিন স্থানীয় জনতা মৃণাল দাশ নামের এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে বলেও জানান তিনি। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত একটার দিকে দক্ষিণ বাকলিয়ার আলী স্টিল ভবন থেকে ছিনতাইকারী দলের নেতা জাকুকে গ্রেপ্তার করা হয়। জাকুর স্বীকারোক্তির ভিত্তিতে পরে বাকলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়। এরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য উল্লেখ করে তিনি জানান, দেড়মাস আগে একটি ছিনতাইয়ের ঘটনায় তারা জেল খেটেছে। পরে জামিনে বেরিয়ে আবারো ছিনতাই শুরু করে। এ চক্রের সঙ্গে যুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/কেএমএস/১৮২৬ ঘ.