২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ-ঘেরাও

বিদু্যুৎ ও গ্যাস সংকট সমস্যা সমাধানের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 05:22 PM

Updated : 25 Aug 2022, 12:42 PM

নারায়ণগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদু্যুৎ ও গ্যাস সংকট সমস্যা সমাধানের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভের সময় শ্রমিকেরা তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অন্য কারখানা থেকে শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালায় এবং বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে শ্রমিকেরা বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবাইল, কাঠেরপুল, রেললাইন, কায়েমপুর, শিবুমার্কেট কয়েকটি এলাকার কল-কারখানায় গ্যাস সংকট চলছে। এ কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে ফতুল্লার রেললাইন, কাঠেরপুল, কায়েমপুর, শিবু মার্কেটসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কাঠেরপুল এলাকায় জড়ো হতে থাকে। পরে শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। বিক্ষোভে যোগ দেওয়া শ্রমিক আবুল হোসেন, জামান, রওশন আরা জানান, গত এক বছর ধরে ফতুল্লা শিল্পাঞ্চলে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট চলছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন অর্ধেকের নিচে নেমে গেছে। শিল্পকারখানার উৎপাদন কমে যাওয়ায় যারা উৎপাদন ভিত্তিক মজুরিতে কাজ করে তাদের আয় অনেক কমে গেছে। অতিরিক্ত সময় কাজ করা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল প্রধান বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানের জন্য তিতাস গ্যাস নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে বার বার আবেদন জানিয়েও কোন প্রতিকার মেলেনি। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মো. সামছুর রহমান শ্রমিকদের আশ্বস্ত করেন বলেন, আগামী ২০/২৫ দিনের মধ্যে গ্যাস সংকট কিছুটা সমাধান করা হবে। একইসঙ্গে তিনি শ্রমিকদের আইন হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ জানান। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানের দাবিতে সকালে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় কয়েকটি কারখানায় ইটপাটকেল ছোড়া হলেও বড় ধরনের কিছু ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৪ ঘ.