চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের মহেশখালী উপজেলায় বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার কেরনতলী এলাকা থেকে এদের আটক করা হয়।
উদ্ধার করা হয় সাতটি দেশে তৈরি একনলা বন্দুক, একটি এলজি, আট রাউন্ড রাইফেলের গুলি, আট রাউন্ড শর্টগানের গুলি ও একটি চাপাতি।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইমান হোসেন মিন্টু, নুর মোহাম্মদ, আব্দুল খালেক ও ছদর আমিন।
এরা সবাই কক্সবাজারের বাসিন্দা।
র্যার-৭ এর সহকারী পরিচালক অনির্বাণ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরের দিক থেকে একটি নৌকায় করে অস্ত্রধারী ডাকাতদের এই দলটি কেরনতলীর গ্রামের দিকে আসে।
তবে আগে থেকে সেখানে অবস্থান নেয়া র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। র্যাব তাদের পিছু নিলে ডাকাতরা গুলি ছুড়তে শুরু করে। র্যাবও পাল্টা গুলি করে।
পরে গ্রামবাসীর সহায়তায় ঘিরে ফেলে চার ডাকাতকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তা অনির্বাণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24